عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The victory [Al-Fath] - Bengali Translation - Rowwad Translation Center

Surah The victory [Al-Fath] Ayah 29 Location Madanah Number 48

হে রাসূল! নিশ্চয় আমি তোমাকে (হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে) সুস্পষ্ট বিজয় দিয়েছি;

যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের পাপ ক্ষমা করেন, তোমার ওপর তাঁর নিআমত পূর্ণ করেন, আর তোমাকে সরল পথের হিদায়াত দেন।

এবং আল্লাহ তোমাকে প্রবল সাহায্য (ও বিজয়) দান করেন।

তিনিই তো মু’মিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেছিলেন, যেন তাদের ঈমানের সাথে আরো ঈমান বৃদ্ধি করে নিতে পারে। বস্তুত আসমানসমূহ ও জমিনের সমুদয় সৈন্যবাহিনী তো আল্লাহরই।[১] আর আল্লাহ হলেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।

যাতে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারীদের এমন জান্নাতে প্রবেশ করান, যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত; সেখানে তারা চিরকাল অবস্থান করবে। আর তিনি তাদের পাপসমূহ মোচন করে দেবেন। আর আল্লাহর কাছে এটাই মহাসাফল্য।

আর যাতে তিনি সেই মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এবং মুশরিক পুরুষ ও মুশরিক নারীদের শাস্তি দেন, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে। অমঙ্গলের আবর্ত তাদের ওপরই আপতিত হবে। আল্লাহ তাদের প্রতি ক্রোধান্বিত হয়েছেন, তাদেরকে লানত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। আর তা কতই না নিকৃষ্ট পরিণাম!

আর আসমানসমূহ ও জমিনের বাহিনীসমূহ এককভাবে আল্লাহর[১] এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

নিশ্চয় আমি তোমাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি।

যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনো, তাঁকে সাহায্য ও সম্মান করো এবং সকাল-সন্ধ্যায় আল্লাহর তাসবীহ পাঠ করো।

নিশ্চয় যারা আপনার কাছে বায়আত করে, তারা তো প্রকৃতপক্ষে আল্লাহরই কাছে বায়আত করে। আল্লাহর হাত তাদের হাতের ওপর। অতএব, যে (বায়আত) ভঙ্গ করে, সে তো নিজেরই ক্ষতি করে। আর যে আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহ অচিরেই তাকে মহাপ্রতিদান দান করবেন।

যারা[১] গৃহে বসে রয়েছে সেসব বেদুঈনরা অচিরেই তোমাকে বলবে, ‘আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল; অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন।’ তারা মুখে তা বলে, যা তাদের অন্তরে নেই। তাদেরকে বলো: ‘আল্লাহ যদি তোমাদের কোন ক্ষতি করতে চান কিংবা কোন উপকার করতে চান, তবে কে আল্লাহর (ইচ্ছার) মোকাবিলায় তোমাদের জন্য কোন কিছু করার মালিক হবে? বরং তোমরা যে আমল করো, আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত।’

বরং তোমরা ধারণা করেছিলে রাসূল ও মু’মিনরা (মক্কা থেকে) তাদের পরিবারের কাছে কখনো ফিরে আসবে না। আর (শয়তান কর্তৃক) এটি তোমাদের অন্তরে শোভিত করে দেয়া হয়েছিল। আর তোমরা মন্দ ধারণা করেছিলে এবং তোমরা ছিলে ধ্বংসমুখী জাতি।

আর যে কেউ আল্লাহ ও তাঁর রাসূলের ওপর ঈমান আনে না , তবে নিশ্চয় আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের জ্বলন্ত আগুন।

আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহর; তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যাকে ইচ্ছা শাস্তি দেন। আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

হে মু’মিনরা! (খায়বারে) তোমরা যখন যুদ্ধলব্ধ সম্পদ সংগ্রহের জন্যে যাবে, তখন পিছনে যারা পড়েছিল অচিরেই তারা বলবে: ‘আমাদেরকেও তোমাদের সাথে যেতে দাও।’ (এ দ্বারা) তারা আল্লাহর বাণী (ফায়সালা) পরিবর্তন করতে চায়। হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কখনো আমাদের সাথে যেতে পারবে না; আল্লাহ আগেই এমনটি বলেছেন।’ অতঃপর অচিরেই তারা বলবে: ‘বরং তোমরা হিংসা করছ।’[১] বরং তারা খুব কমই বুঝে।

হে রাসূল! তুমি পেছনে পড়ে থাকা বেদুঈনদেরকে বলো: ‘এক কঠোর যোদ্ধা জাতির বিরুদ্ধে শীঘ্রই তোমাদেরকে (যুদ্ধ করতে) ডাকা হবে; তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে অথবা তারা ইসলামে প্রবেশ করবে। অতঃপর তোমরা যদি আনুগত্য করো তবে আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দিবেন। আর পূর্বে (মক্কায় যাওয়া থেকে) তোমরা যেমন ফিরে গিয়েছিলে তেমনি যদি ফিরে যাও, তবে তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।

অন্ধের[১] কোন অপরাধ নেই, খোঁড়ার কোন অপরাধ নেই, অসুস্থের কোন অপরাধ নেই। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করবে, তিনি তাকে এমন জান্নাতে দাখিল করাবেন, যার পাদদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত। আর যে ব্যক্তি পিছনে ফিরে যাবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন।

অবশ্যই আল্লাহ মু’মিনদের ওপর সন্তুষ্ট হয়েছেন, যখন তারা (হুদায়বিয়ায়) গাছের নিচে তোমার হাতে বায়‘আত গ্রহণ করেছিল; অতঃপর তিনি তাদের অন্তরে যা ছিল তা জেনে নিয়েছেন। ফলে তিনি তাদের ওপর প্রশান্তি নাযিল করলেন এবং তাদেরকে পুরস্কৃত করলেন নিকটবর্তী (খায়বারের) বিজয় দিয়ে।

আর বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে, যা তারা[১] গ্রহণ করবে; আর আল্লাহ হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।

আল্লাহ তোমাদেরকে বিপুল গনীমতের ওয়াদা দিয়েছেন, যা তোমরা গ্রহণ করবে, অতঃপর তিনি এটা (খায়বারের গনীমত) তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন। আর মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন[১] এবং যাতে এটি মু’মিনদের জন্য একটি নিদর্শন হয়, আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান।

আর আরেকটি যা এখনো তোমরা অর্জন করতে সক্ষম হওনি। কিন্তু আল্লাহ তা বেষ্টন করে রেখেছেন।[১] আর আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান।

আর (সেদিন) কাফিররা যদি তোমাদের সাথে যুদ্ধ করে তবে অবশ্যই তারা (পরাজিত হয়ে) পিঠ দেখিয়ে পালাবে। তারপর তারা কোন অভিভাবক ও সাহায্যকারী পাবে না।

এটাই আল্লাহর বিধান[১], যা পূর্ব থেকেই চলে আসছে, আর তুমি আল্লাহর বিধানে কোন পরিবর্তন পাবে না।

আর তিনিই মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের (মুশরিকদের) ওপর বিজয়ী করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে ফিরিয়ে রেখেছেন।[১] আর তোমরা যা আমল কর, আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

তারাই তো কুফরী করেছিল এবং তোমাদেরকে মাসজিদুল হারামে প্রবেশ করা থেকে বাধা দিয়েছিল, আর কুরবানীর পশুগুলোকে কুরবানীর স্থানে পৌঁছতে বাধা দিয়েছিল। যদি (সেদিন মক্কা নগরীতে) মু‘মিন পুরুষরা ও মু‘মিন নারীরা না থাকত, যাদেরকে তোমরা জানতে না, (ফলে) তোমরা না জেনে তাদেরকে পদদলিত করতে, তাদের কারণে তোমরা অপরাধী ও দোষী সাব্যস্ত হতে,[১] যাতে আল্লাহ যাকে ইচ্ছা স্বীয় রহমতে প্রবেশ করান। যদি (সেদিন মক্কায়) মুমিনরা কাফিরদের থেকে পৃথক থাকত, তাহলে আমি অবশ্যই তাদের মধ্যে কাফিরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম।

যখন কাফিররা তাদের অন্তরে আত্ম-অহমিকা পোষণ করেছিল, জাহিলী যুগের অহমিকা। তখন আল্লাহ তাঁর রাসূলের ওপর ও মু‘মিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন এবং তাকওয়ার বাণী (লা ইলাহা ইল্লাল্লাহ) তাদের জন্য অপরিহার্য করলেন, আর তারাই ছিল এর সর্বাধিক উপযুক্ত ও এর অধিকারী। আর আল্লাহ হলেন প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ।

অবশ্যই আল্লাহ তাঁর রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করে দিয়েছেন।[১] তোমরা ইন শা’ আল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুণ্ডন করে এবং চুল ছেঁটে নির্ভয়ে আল-মাসজিদুল হারামে অবশ্যই প্রবেশ করবে। অতঃপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। সুতরাং এর পূর্বে তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়।[২]

তিনিই তাঁর রাসূল (মুহাম্মাদ)-কে হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছেন, যাতে তিনি এটাকে সকল দীনের ওপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।

মুহাম্মাদ আল্লাহর রাসূল এবং তাঁর সাথে যারা আছে তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর; পরস্পরের প্রতি সদয়, তুমি তাদেরকে রুকূকারী, সাজদাকারী অবস্থায় দেখতে পাবে। তারা আল্লাহর করুণা ও সন্তুষ্টি অনুসন্ধান করছে। তাদের আলামত হচ্ছে, তাদের চেহারায় সাজদার চিহ্ন থাকে। এটাই তাওরাতে তাদের দৃষ্টান্ত। আর ইনজীলে তাদের দৃষ্টান্ত হলো একটি চারাগাছের মত, যে তার কচিপাতা উদ্‌গত করেছে ও শক্ত করেছে, অতঃপর তা পুষ্ট হয়েছে ও স্বীয় কাণ্ডের ওপর মজবুতভাবে দাঁড়িয়েছে, যা চাষিদেরকে আনন্দ দেয়। যাতে তিনি তাদের দ্বারা কাফিরদেরকে ক্রোধান্বিত করতে পারেন। তাদের মধ্যে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদানের ওয়াদা করেছেন।