عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Beneficient [Al-Rahman] - Bengali Translation - Rowwad Translation Center

Surah The Beneficient [Al-Rahman] Ayah 78 Location Maccah Number 55

আর-রহমান (পরম করুণাময় আল্লাহ),

তিনি (মানুষকে) শিক্ষা দিয়েছেন আল-কুরআন,

তিনি সৃষ্টি করেছেন মানুষ,

তিনি তাকে শিখিয়েছেন ভাষা।[১]

সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান।

আকাশের নক্ষত্রমণ্ডলী এবং পৃথিবীর বৃক্ষরাজি উভয়ই সিজদা করে।

আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।

যাতে তোমরা ওজনে তথা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না করো।

আর তোমরা সঠিক ওজন কায়িম করো এবং ওজনকৃত বস্তু কম দিও না।

আর তিনি জমিনকে সৃষ্টজীবের (বসবাসের) জন্য বিছিয়ে দিয়েছেন।

তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত।

তাতে আরও আছে খোসাযুক্ত শস্যদানা ও সুগন্ধিযুক্ত ফুল।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

তিনি মানুষকে (আদমকে) সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়।

আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের[১] রব।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

তিনি (মিঠা ও লোনা) দুই সমুদ্রকে প্রবাহিত করেন, যারা পরস্পর মিলিত হয়।

উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করতে পারে না।[১]

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

উভয় সমুদ্র থেকে উৎপন্ন হয় মণিমুক্তা ও প্রবাল।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

আর সমুদ্রে বিচরণকারী পর্বতসম সুউচ্চ জাহাজসমূহ তাঁরই।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

এর (পৃথিবীর) ওপর যারা আছে, সবাই ধ্বংসশীল।

আর অবশিষ্ট থাকবে শুধু তোমার রবের চেহারা (সত্তা), যিনি মহামহিম ও মহানুভব।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

আসমানসমূহ ও জমিনে যারা রয়েছে, সবাই তাঁর কাছে চায়। প্রতিদিন তিনি কোন না কোন গুরুত্বপূর্ণ কাজে রত থাকেন।[১]

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

হে মানুষ ও জিন জাতি! আমি অচিরেই তোমাদের (হিসাব-নিকাশ গ্রহণের) প্রতি মনোনিবেশ করবো।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

হে জিন ও মানবজাতি! যদি তোমাদের আসমানসমূহ ও জমিনের সীমানা অতিক্রম করার সাধ্য থাকে, তবে অতিক্রম করো; কিন্তু তোমরা তো (আল্লাহর দেয়া) শক্তি (ও ছাড়পত্র) ছাড়া অতিক্রম করতে পারবে না।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

তোমাদের উভয়ের প্রতি প্রেরণ করা হবে (ধোঁয়াবিহীন) অগ্নিশিখা ও (অগ্নিবিহীন) কালো ধোঁয়া, তখন তোমরা প্রতিরোধ করতে পারবে না।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

অতঃপর যখন আকাশ বিদীর্ণ হবে, তখন তা গলিত তেলের মতো (উজ্জ্বল) লাল গোলাপের ন্যায় হয়ে যাবে।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

অতঃপর সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, না জিনকে।[১]

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

(কিয়ামত দিবসে) অপরাধীদেরকে তাদের চেহারার চিহ্ন দ্বারা চেনা যাবে।[১] অতঃপর তাদেরকে মাথার অগ্রভাগের চুল ও পা বেঁধে[২] নেয়া হবে।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

(ধমকে বলা হবে,) এটাই সে জাহান্নাম, যাকে অপরাধীরা (দুনিয়াতে) অস্বীকার করত।

তারা ঘুরতে থাকবে জাহান্নাম ও ফুটন্ত পানির মধ্যে।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে[১], তার জন্য থাকবে দু’টি জান্নাত।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

উভয় জান্নাতই হবে বহু ফলদার শাখা-প্রশাখাবিশিষ্ট।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

উভয় জান্নাতে থাকবে প্রবহমান দু’টি ঝর্ণাধারা।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

উভয় বাগানের প্রত্যেক ফল থাকবে দু’ প্রকারের।[১]

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

সেখানে তারা পুরু রেশমের আস্তরবিশিষ্ট বিছানায় হেলান দেয়া অবস্থায় থাকবে এবং উভয় জান্নাত থেকে ফল-ফলাদি আহরণ করবে, যা থাকবে খুবই নিকটবর্তী।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

সেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমাবদ্ধকারী রমণীগণ, যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোনো জিন।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

(সৌন্দর্য ও পরিচ্ছন্নতায়) তারা যেন ইয়াকূত (পদ্মরাগমণি) ও প্রবাল।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

উত্তম কাজের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কী হতে পারে?

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

আর ঐ দু’টি জান্নাত ছাড়াও (সেখানে নিম্নমানের) আরো দু’টি জান্নাত রয়েছে।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

জান্নাত দু’টি গাঢ় সবুজ (কালচে সবুজ)।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

সে দুই জান্নাতে থাকবে দুটি উচ্ছ্বসিত ঝরনা।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

এ দু’টিতে থাকবে প্রচুর ফলমূল, খেজুর ও আনার।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

সেসব জান্নাতে রয়েছে সচ্চরিত্রা ও সুন্দরী নারীরা।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

সেখানে থাকবে তাঁবুসমূহে সংরক্ষিত হুরগণ।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

সেখানে তারা সবুজ বালিশে ও সুন্দর উৎকৃষ্ট গালিচার উপর হেলান দিয়ে থাকবে।

সুতরাং, তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

অতি মহিমান্বিত ও বরকতময় তোমার রবের নাম, যিনি মহামহিম ও মহানুভব।