عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The Pen [Al-Qalam] - Bengali Translation - Rowwad Translation Center

Surah The Pen [Al-Qalam] Ayah 52 Location Maccah Number 68

নূন; কলমের শপথ এবং তারা (মানুষ কলম দিয়ে) যা লিখে, তার শপথ!

(হে রাসূল!) তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও।

আর[১] নিশ্চয় তোমার জন্য রয়েছে, নিরবচ্ছিন্ন পুরস্কার।

আর নিশ্চয় তুমি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।

অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং (মিথ্যারোপকারী) তারাও দেখতে পাবে-

তোমাদের মধ্যে কে পাগল!

নিশ্চয় তোমার রব সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে, যারা তাঁর সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত।

কাজেই তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।

তারা কামনা করে, যদি তুমি তাদের সাথে আপোষকামী হও, তবে তারাও তোমার সাথে আপোষকারী হবে।

আর তুমি এমন কোনো ব্যক্তির আনুগত্য করো না, যে অধিক শপথকারী ও নিকৃষ্ট।

যে পিছনে নিন্দাকারী ও চোগলখুরী করে বেড়ায়,

ভালো কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ,

রূঢ় স্বভাবের, তদুপরি জারজ।

এ কারণে যে, সে ছিল ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী।

যখন তার কাছে আমার আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে বলে, ‘এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনীমাত্র’।

অচিরেই আমি তার শুঁড়ের (নাকের) ওপর দাগ দিয়ে (বিশ্রী করে) দিবো।

নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম বাগানের মালিকদেরকে; যখন তারা এই বলে শপথ করেছিল যে, অবশ্যই তারা সকাল বেলা বাগানের ফল আহরণ করবে।

আর তারা (শপথ করার সময়) ‘ইন শা আল্লাহ’ বলেনি।

অতঃপর তোমার রবের পক্ষ থেকে (রাতের বেলা) সে বাগানে এক বিপর্যয় (আগুন) এসে পড়ল, তখন তারা ছিল ঘুমন্ত।

ফলে তা (পুড়ে) কালো বর্ণের হয়ে গেল।

তারপর সকাল হতেই তারা একে অপরকে ডেকে বলল:

‘তোমরা যদি (সত্যিই) ফল আহরণ করতে চাও, তাহলে সকাল সকাল তোমাদের বাগানে চলো।’

তারপর তারা নিম্নস্বরে একথা বলতে বলতে (বাগানের দিকে) চলতে লাগলো,

(তারা পরস্পর বলল,) ‘আজ যেন কোনো অভাবগ্রস্ত ব্যক্তি তোমাদের বাগানে প্রবেশ করতে না পারে।’

আর তারা ভোর বেলা[১] দৃঢ় প্রত্যয় নিয়ে বাগানে গেল।

তারপর তারা যখন (ভস্মীভূত অবস্থায়) বাগানটি দেখল, তখন তারা বলল, ‘অবশ্যই আমরা পথ হারিয়ে ফেলেছি।’

‘বরং[১] আমরা তো বঞ্চিত।’

তাদের মধ্যকার ভালো ব্যক্তিটি বললো: ‘আমি কি তোমাদেরকে বলিনি যে, তোমরা কেন আল্লাহর তাসবীহ পাঠ করছ না[১]?’

তারা বললো: ‘আমরা আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমরা[১] যালিম ছিলাম।’

তারপর তারা একে অপরের প্রতি দোষারোপ করতে লাগল।

তারা বললো: ‘হায়, আমাদের ধ্বংস! নিশ্চয় আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।’

আশা করা যায়, আমাদের রব (এ বাগানের পরিবর্তে) আমাদেরকে এর চেয়েও উৎকৃষ্টতর বিনিময় দিবেন। অবশ্যই আমরা আমাদের রবের অভিমুখী হওয়ার এবং তাঁর কাছে (ক্ষমার) আশাবাদী।

(যারা আমার অবাধ্য হয় তাদেরকে) এভাবেই শাস্তি দিয়ে থাকি। আর পরকালের শাস্তি অবশ্যই আরো মারাত্মক; যদি তারা জানত।

নিশ্চয় মুত্তাকীদের জন্য তাদের রবের কাছে রয়েছে নি‘আমতপূর্ণ জান্নাত।

তবে কি আমি মুসলিমদেরকে অপরাধীদের (কাফিরদের) মতই গণ্য করবো?[১]

হে মুশরিকরা! তোমাদের কী হল, তোমরা কিভাবে (এ অবিচারমূলক) ফয়সালা করছো?

নাকি তোমাদের কাছে এমন কোনো কিতাব আছে, যাতে তোমরা (অনুগত ও অবাধ্য ব্যক্তিদ্বয়ের প্রতিদানে সমতার কথা) অধ্যয়ন কর?

নিশ্চয়ই তোমাদের জন্য তাতে রয়েছে, তোমরা যা পছন্দ করো ?

অথবা তোমাদের জন্য কি আমার ওপর কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন পাকাপোক্ত অঙ্গীকার রয়েছে যে, তোমরা তাই পাবে, যা তোমরা ফয়সালা করবে?

হে রাসূল! তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, এ ব্যাপারে কে যিম্মাদার?

অথবা তাদের জন্য কি (আল্লাহ ছাড়া) অনেক শরীক (মনগড়া উপাস্যরা) আছে?[১] তাহলে তারা তাদের শরীকদেরকে উপস্থিত করুক; যদি তারা সত্যবাদী হয়ে থাকে।

সেদিন (মহান আল্লাহর) পায়ের গোছা উন্মোচন করা হবে। আর মানুষকে সাজদাহ করার জন্য ডাকা হবে; কিন্তু তারা (মুনাফিক ও কাফিররা) সাজদাহ করতে সক্ষম হবে না।

তাদের চক্ষুসমূহ অবনত অবস্থায় থাকবে, অপমান তাদেরকে আচ্ছন্ন করবে; অথচ তাদেরকে তো (দুনিয়াতে) সুস্থ-নিরাপদ অবস্থায় সাজদাহ করার জন্য ডাকা হতো (তখন তো তারা সাজদাহ করেনি) ।

অতএব, আমাকে এবং যারা এ বাণীকে মিথ্যা বলে তাদেরকে ছেড়ে দাও। আমি তাদেরকে ধাপে ধাপে এমনভাবে (শাস্তির দিকে) নিয়ে যাব যে, তারা টেরও পাবে না।

আমি তাদেরকে কিছু কাল পর্যন্ত অবকাশ দেই। অবশ্যই আমার কৌশল অত্যন্ত শক্তিশালী।

হে রাসূল! তুমি কি তাদের কাছে (সত্যের দিকে আহ্বানের বিনিময়ে) পারিশ্রমিক চাচ্ছ? ফলে তারা ঋণের কারণে ভারাক্রান্ত হয়ে পড়ছে!

নাকি তাদের কাছে অদৃশ্যের জ্ঞান আছে? ফলে তারা (নিজেদের পছন্দ মতো) তা লিখে রাখছে।

অতএব, (হে রাসূল!) তুমি তোমার রবের ফয়সালার জন্য ধৈর্যধারণ করো। আর মাছের সঙ্গী (ইউনুস)-এর মতো হয়ো না, যখন সে অন্তরবেদনায় অবদমিত অবস্থায় তার রবকে ডেকেছিল।

যদি তার রবের অনুগ্রহ তার কাছে না পৌঁছত, তাহলে সে নিন্দিত অবস্থায় উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতো।

তারপর তার রব তাকে (পুনরায়) মনোনীত করলেন এবং তাকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করলেন।

আর কাফিররা যখন এ উপদেশবাণী (আল-কুরআন) শোনে, তখন তারা যেন তাদের দৃষ্টির দ্বারা তোমাকে ফেলে দিতেই উদ্যত হয়। আর তারা বলে, ‘সে তো অবশ্যই এক পাগল।’

আর এ আল-কুরআন তো সৃষ্টিকুলের জন্য শুধুই উপদেশবাণী।