The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe cloaked one [Al-Muddathir] - Bengali Translation - Rowwad Translation Center
Surah The cloaked one [Al-Muddathir] Ayah 56 Location Maccah Number 74
হে বস্ত্রাচ্ছাদিত (নবী)!
ওঠ, এবং (মানুষকে) আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করো।
আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।
আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো।
আর অপবিত্রতা (শিরক) বর্জন করো।
আর অধিক নেক আমল দ্বারা স্বীয় রবের ওপর অনুগ্রহ প্রদর্শন করো না।[১]
আর তোমার রবের উদ্দেশ্যে ধৈর্যধারণ করো।
অতঃপর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
আর সেদিন হবে কঠিন সংকটের দিন।
যা কাফিরদের জন্য সহজ নয়।
(হে রাসূল!) আমাকে ছেড়ে দাও এবং তাকে, যাকে আমি (তার মায়ের পেটে) একা সৃষ্টি করেছি।[১]
আর আমি তাকে দিয়েছি অঢেল ধন-সম্পদ,
আর (তার আচার-অনুষ্ঠানে) উপস্থিত পুত্রগণ।
আর তার জন্য (জীবনের) সবকিছু সুপ্রস্তুত ও সহজ করে দিয়েছি।
এরপরও সে লোভ করে যে, আমি তাকে আরও বেশি দান করি।
কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলির ঘোর বিরুদ্ধাচারী।
আমি অচিরেই তাকে এক কঠিন আরোহণের (কষ্টকর শাস্তির) মুখোমুখি করব।
নিশ্চয় সে চিন্তা ভাবনা করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করলো।
অতঃপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?
তারপর সে ধ্বংস হোক! কীভাবে সে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো?
অতঃপর সে (কী বলবে তা ভেবে) তাকাল।
তারপর সে[১] ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ বিকৃত করলো।
তারপর সে পিছনে ফিরলো এবং অহংকার করলো।
অতঃপর সে বলল, ‘এ তো কেবল এক যাদু, যা (পূর্ববর্তীদের কাছ থেকে) বর্ণিত হয়ে আসছে।’
‘এটা তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয়।’
অচিরেই আমি তাকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করাব।
আর (হে রাসূল!) কীসে তোমাকে জানাবে, ‘সাকার’ (জাহান্নাম) কী?
এটা (শাস্তিপ্রাপ্ত ব্যক্তির অঙ্গ) অবশিষ্টও রাখবে না এবং ছেড়েও দেবে না।
সেটা চামড়াকে দগ্ধ করে কালো করে দিবে।
তার (সাকারের) ওপর (নিয়োজিত) রয়েছে, ঊনিশজন (প্রহরী ফিরিশতা)।
আর আমি জাহান্নামের প্রহরী হিসেবে ফেরেশতাদেরই নিযুক্ত করেছি। আর তাদের (প্রহরীদের) সংখ্যা আমি কেবল কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ নির্ধারণ করেছি, যাতে আহলে কিতাবরা নিশ্চিত বিশ্বাস লাভ করে, মুমিনদের ঈমান আরও বৃদ্ধি পায়, আহলে কিতাব ও মুমিনরা কোনো সন্দেহে না থাকে, আর যাদের অন্তরে রোগ রয়েছে এবং কাফিররা বলতে থাকে, ‘আল্লাহ এ উদাহরণ দ্বারা কী বোঝাতে চেয়েছেন?’ এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। আর আপনার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। আর এটি তো মানুষের জন্য উপদেশ ছাড়া আর কিছুই নয়।
কখনোই নয়, চাঁদের শপথ!
রাতের শপথ, যখন তা বিদায় নেয়,
প্রভাতের শপথ, যখন তা আলো ছড়ায়,
নিশ্চয় জাহান্নামের আগুন মহাবিপদসমূহের অন্যতম।
মানুষের জন্য (তা হবে) ভয়-ভীতি প্রদর্শনকারী,
তোমাদের মধ্যে যে (ঈমান ও নেক আমলের মাধ্যমে) সামনের দিকে অগ্রসর হতে চায় অথবা (কুফরী ও পাপাচারের মাধ্যমে) পিছিয়ে থাকতে চায় , তার জন্য।
বস্তুত, প্রত্যেক ব্যক্তি নিজ আমলের কাছেই দায়বদ্ধ।
কিন্তু ডান দিকের (মু’মিন) লোকেরা নয়,
তারা থাকবে জান্নাতসমূহে। সেখানে তারা একে অপরকে জিজ্ঞেস করবে,
অপরাধীদের সম্পর্কে,
কিসে তোমাদেরকে ‘সাকার’-এ (জাহান্নামে) প্রবেশ করালো?
তারা বলবে: ‘(দুনিয়ার জীবনে) আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’
‘আর আমরা অভাবগ্রস্তকে খাবার দিতাম না।’
‘আর আমরা (সত্যের বিরুদ্ধে) অনর্থক আলাপকারীদের সাথে মগ্ন থাকতাম।’
‘আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম।’
‘অবশেষে (এ অবস্থায়ই) আমাদের কাছে মৃত্যু আগমন করলো।’
ফলে (কিয়ামত দিবসে) সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।
অতঃপর তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী আল-কুরআন হতে বিমুখ রয়েছে?
তারা (আল-কুরআন থেকে পলায়নে) যেন ভীত-সন্ত্রস্ত পলায়নকারী বন্য গাধা।
যারা সিংহের ভয়ে পলায়ন করেছে।
বরং তাদের মধ্যকার প্রত্যেক (মুশরিক) ব্যক্তিই কামনা করে যে, তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক।[১]
কখনও নয়! বরং তারা আখিরাতকে ভয় করে না।
কখনো নয়! নিশ্চয় এ (আল-কুরআন) এক উপদেশবাণী।
অতএব যার ইচ্ছা সে তা (আল-কুরআন) থেকে উপদেশ গ্রহণ করুক।
আর আল্লাহ ইচ্ছা না করলে তারা (এ আল-কুরআন থেকে) উপদেশ গ্রহণ করবে না। তিনিই একমাত্র সেই সত্তা, যাঁকে ভয় করা উচিত এবং তিনিই ক্ষমা করার অধিকারী।

