عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The emissaries [Al-Mursalat] - Bengali Translation - Rowwad Translation Center

Surah The emissaries [Al-Mursalat] Ayah 50 Location Maccah Number 77

কল্যাণের উদ্দেশ্যে (অবিরাম) প্রেরিত বাতাসের শপথ!

অতঃপর প্রচণ্ড বেগে প্রবাহিত ঝড় হাওয়ার শপথ!

মেঘমালা ও বৃষ্টি সঞ্চালনকারী বায়ুর শপথ!

অতঃপর (সত্য ও মিথ্যার মধ্যে) পার্থক্যকারী ফিরিশতাদের শপথ!

অতঃপর উপদেশগ্রন্থ আনয়নকারী ফিরিশতাদের শপথ!

অজুহাত দূরকারী এবং (আল্লাহর শাস্তি থেকে) সতর্ককারী হিসেবে।

নিশ্চয় তোমাদেরকে যে (পুনরুত্থান, হিসাব ও শাস্তির) প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই ঘটবে।

যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে পড়বে,

আর যখন আকাশ বিদীর্ণ করা হবে,

আর যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে।

আর যখন রাসূলদেরকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে,

কোন দিনের জন্য এসব বিলম্বিত করা হয়েছিল?

বিচার দিনের জন্য।

আর কিসে তোমাকে জানাবে, বিচার দিবস কি?

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

আমি কি পূর্বেকার জাতিগুলোকে ধ্বংস করিনি?

অতঃপর তাদের পরবর্তী জাতিগুলোকেও (তাদের মতোই) ধ্বংস করি।

এভাবেই আমি অপরাধীদের সঙ্গে আচরণ করে থাকি।[১]

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি (বীর্য) থেকে সৃষ্টি করিনি?

অতঃপর তা আমি রেখেছি সুরক্ষিত আধারে (গর্ভাশয়ে)

এক নির্দিষ্ট কাল পর্যন্ত,

অতঃপর আমি পরিমাপ করেছি।[১]। আর আমিই উত্তম পরিমাপকারী।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

আমি কি জমিনকে (সকল মানুষের জন্য) ধারণকারী বানাইনি?

জীবিত ও মৃত সকলের জন্য?

আর আমি তাতে স্থাপন করেছি সুদৃঢ় ও সুউচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে পান করিয়েছি সুপেয় পানি।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

(বলা হবে, হে মিথ্যারোপকারীরা!) তোমরা যা (শাস্তি) অস্বীকার করতে সেদিকে গমন করো।

যাও, তিন শাখা বিশিষ্ট আগুনের ধোঁয়ার ছায়ায়,

যা ছায়াদানকারী নয় এবং তা জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখার মোকাবেলায় কোন কাজেও আসবে না।

নিশ্চয় তা (জাহান্নাম) প্রাসাদসম অগ্নিস্ফুলিঙ্গ নিক্ষেপ করবে।

যেন তা হলুদ বর্ণের উটের ন্যায়।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

এটা এমন এক দিন, যেদিন তারা কথা বলবে না।

আর তাদেরকে অনুমতি দেওয়া হবে না; ফলে তারা কোনো অজুহাত পেশ করতে পারবে না।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

এটি (সৃষ্টিকুলের মাঝে) ফয়সালার দিন; তোমাদেরকে ও পূর্ববর্তী জাতিসমূহকে আমি এক জায়গায় একত্র করেছি।

(আল্লাহর শাস্তি থেকে মুক্তির জন্য) তোমাদের কোন কৌশল থাকলে আমার বিরুদ্ধে প্রয়োগ করো।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

নিশ্চয় মুত্তাকীরা থাকবে (বৃক্ষরাজির) ছায়ায় ও ঝর্ণাবহুল স্থানে,

আর নিজেদের বাসনানুযায়ী ফলমূলের প্রাচুর্যের মধ্যে।

(তাদেরকে বলা হবে:) ‘তোমরা (দুনিয়াতে) যে আমল করতে তার প্রতিদানস্বরূপ আজ তৃপ্তির সাথে খাও এবং পান করো।’

নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এমন-ই প্রতিদান দিয়ে থাকি।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

হে কাফিররা! তোমরা (দুনিয়াতে) আহার করো এবং ভোগ করো ক্ষণকাল; নিশ্চয় তোমরা অপরাধী।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

যখন তাদেরকে বলা হয়, ‘তোমরা রুকূ করো,’ তখন তারা রুকূ করে না।

মিথ্যারোপকারীদের জন্য সেদিনের দুর্ভোগ!

কাজেই আল-কুরআনের পরিবর্তে আর কোন্ বাণীর প্রতি তারা ঈমান আনবে?