The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesThe Most High [Al-Ala] - Bengali Translation - Rowwad Translation Center
Surah The Most High [Al-Ala] Ayah 19 Location Maccah Number 87
হে রাসূল! তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো,
যিনি (সুসামঞ্জস্য করে) সৃষ্টি করেন, অতঃপর (তার অবয়বকে) সুঠাম করেন।
আর যিনি[১] নির্ধারণ করেন, অতঃপর (তাদেরকে মানানসই) পথনির্দেশ দেন।
আর যিনি (জমিন থেকে) ঘাস ও তৃণ-লতা উৎপন্ন করেন।
অতঃপর তা কালো শুষ্ক খড়-কুটায় পরিণত করেন।
হে রাসূল! আমি অচিরেই তোমাকে (আল-কুরআন) পড়িয়ে দিবো, অতঃপর তুমি তা ভুলবে না।
তবে আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপনীয়।
আর আমি তোমার জন্য সহজ (দ্বীন ও নেক আমলের) পথ সুগম করে দেব।
হে রাসূল! তুমি (আল-কুরআন দ্বারা মানুষকে) উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসূ হয়।
অচিরেই সে-ই উপদেশ গ্রহণ করবে, যে (আল্লাহকে) ভয় করে।
আর হতভাগাই তা এড়িয়ে যায়।
যে (জাহান্নামের) ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
অতঃপর সে সেখানে মরবেও না এবং (বাঁচার মতো) বাঁচবেও না।
অবশ্যই সে ব্যক্তি সফলতা অর্জন করেছে, যে পবিত্রতা লাভ করেছে।
আর সে তার রবের নাম স্মরণ করে, অতঃপর সালাত আদায় করে।
বরং তোমরা দুনিয়ার জীবনকে (পরকালের জীবনের ওপর) প্রাধান্য দিচ্ছ।
অথচ আখিরাত (দুনিয়ার চেয়ে) উত্তম ও অধিক স্থায়ী।
নিশ্চয় এটা (এ নির্দেশ ও সংবাদগুলো) পূর্ববর্তী সহীফাসমূহে (লিখিত) আছে।
ইবরাহীম ও মূসার সহীফাসমূহে।

